ফি’র বিনিময়ে টুইটারে বাড়তি সুবিধা

২৮ মে, ২০২১ ২৩:৩৯  
টুইটার তাদের সেবার মাধ্যমে আয়ের ক্ষেত্রে বৈচিত্র আনার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে আয় করতে মনোনিবেশ করেছে অন্যতম শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। টুইটার ব্লু নামের বাড়তি এই সেবা পেতে গ্রাহককে ফি পরিশোধ করতে হবে। খবর এনগ্যাজেট। অ্যাপলের অ্যাপ স্টোরে ‘টুইটার ব্লু’ সেবাটিকে ২.৯৯ ডলার ইন-অ্যাপ ক্রয় হিসেবে যুক্ত করেছে টুইটার। ফলে সেবাটি ব্যবহার করতে আগ্রহীদের ২.৯৯ ডলার খরচ করতে হবে। ধারণা করা হচ্ছে শিগগিরই এই সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবাটির পরীক্ষামূলক সংস্করণ চালু করবে টুইটার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এর আগে টুইটার জানিয়েছিলো তারা ফি’র বিনিময়ে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে কাজ করছে। এই সেবার মাধ্যমে টুইট আনডু করার সুযোগ থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া যুক্ত হতে পারে রিডার মোড। প্রযুক্তি ব্লগার জেন মানচুন ওয়াং দাবি করেছেন তিনি সর্বপ্রথম অর্থ প্রদান করে ইতিমধ্যেই সেবাটি ব্যবহার করছেন। ডিবিটেক/বিএমটি